সেশনজট বন্ধে একাডেমিক ক্যালেন্ডারের ওপর জোর শিক্ষামন্ত্রীর

প্রকাশ :
সংশোধিত :

বিশ্ববিদ্যালয় পর্যায়ে সেশনজট নিরসনে একাডেমিক ক্যালেন্ডার প্রণয়নের ওপর গুরুত্ব দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
তিনি বলেন, সেশনজট দূর করার লক্ষ্য নিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়াও সেভাবে সাজানো হবে। লক্ষ্য হলো ৩১ ডিসেম্বরের মধ্যে একাডেমিক ক্যালেন্ডার সম্পন্ন করা। অতীতের শিক্ষাক্ষেত্রের নানা অনিয়ম ও বিশৃঙ্খলা দূর করতে হবে বলেও তিনি মন্তব্য করেন।
আজ বুধবার (১৩ মে) বিকেলে গাজীপুরের বোর্ড বাজারে অবস্থিত ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) ‘আইইউটি এক্সেলেন্স অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী আরও বলেন, উচ্চশিক্ষায় উৎকর্ষ অর্জনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা, গবেষণা, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে আইইউটি বাংলাদেশসহ ওআইসি সদস্য দেশগুলোর মানবসম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
তিনি বলেন, শিক্ষা মন্ত্রণালয় বা নীতিনির্ধারকদের কারণে কোনো শিক্ষার্থীর যেন অতিরিক্ত সময় নষ্ট না হয়, সে বিষয়ে ধীরে ধীরে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইইউটির উপাচার্য অধ্যাপক মোহাম্মদ রফিকুল ইসলাম। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা এবং আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণে চলমান কার্যক্রম তুলে ধরেন।
পরে একাডেমিক উৎকর্ষতা, গবেষণায় সাফল্য এবং প্রাতিষ্ঠানিক উন্নয়নে অবদান রাখার জন্য নির্বাচিতদের সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়।


For all latest news, follow The Financial Express Google News channel.